জামালপুর প্রতিনিধি: জুলাই সনদ ও গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে জামালপুরে গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। শনিবার (৪ জুলাই) বিকেলে আয়োজিত এই কর্মসূচিতে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।
বিকেল সাড়ে ৫টায় শহরের পিটিআই মোড় থেকে গণমিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।
সমাবেশে সভাপতির বক্তব্যে ১১ দলীয় ঐক্যের অন্যতম নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর জামালপুর জেলা শাখার আমির মাওলানা আব্দুস সাত্তার বলেন, "গণভোটের জনরায় এবং জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।" তিনি দাবি করেন, জনগণের প্রত্যাশা বাস্তবায়নে জুলাই সনদ কার্যকর করা সময়ের দাবি।
মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং জামালপুর শহর জামায়াতের আমির অধ্যাপক আল ইমরান সুজনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা নুরুল হক জামালী, জামালপুর পৌরসভায় জামায়াত মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান, ১১ দলীয় ঐক্যের জামালপুর জেলা যুগ্ম আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট আবু সাঈদ মোহাম্মদ শামীম, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মঞ্জুরুল ইসলাম, এনসিপির সদর উপজেলা প্রধান সমন্বয়কারী আরাফাত হোসেন শাকিল, এবি পার্টির সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সবুজ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও শহর সেক্রেটারি নাজমুল হক মাসুদ, সদর উপজেলার নায়েবে আমির আজহার ইসলাম এবং ইসলামী ছাত্রশিবির জামালপুর জেলা সভাপতি আসাদুল ইসলামসহ অন্যান্য নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, গণভোটের জনরায় বাস্তবায়নের মাধ্যমে দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলাই তাদের আন্দোলনের মূল লক্ষ্য। এ সময় তারা জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
গণমিছিল ও সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের পাশাপাশি জোটভুক্ত বিভিন্ন দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন